প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই চেয়ারম্যান বলেন, এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসায় পরীক্ষা শুরুর একটি তারিখ নির্ধারণ করতে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল সংসদ অধিবেশন থাকায় শিক্ষামন্ত্রী সভায় উপস্থিত ছিলেন না। তাঁর অনুমোদন পাওয়া গেলে ৭ জুন থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
