প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিএনসিসি সেনা প্লাটুনের ক্যাডেট কর্পোরাল মো. মহিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন।
জানা যায়, গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে আবেদন করে দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন।
তার এই অর্জনে ইবি বিএনসিসি সেনা প্লাটুনে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। প্লাটুন ইনচার্জ মোসাদ্দেক হোসেন বলেন, এটি শুধু মহিউদ্দিনের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বিএনসিসি পরিবারের জন্য গর্বের বিষয়। তার শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেম তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করে মহিউদ্দিন বলেন, ছোটবেলা থেকেই তিনি সেনাবাহিনীর প্রতি আগ্রহী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিএনসিসিতে যুক্ত হয়ে এবং বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়ে তার এই আগ্রহ আরও বৃদ্ধি পায়। সামরিক পরিবেশে কাজের অভিজ্ঞতা তার লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে।
তিনি আরও জানান, বিএনসিসি থেকে অর্জিত শৃঙ্খলা ও নেতৃত্বগুণ তার ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার এই সুযোগকে তিনি গর্বের বলে মনে করেন এবং দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। এজন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
