প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে গঠিত সংগঠন ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’এর ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একবছরের জন্য নতুন কমিটি ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়। এটি সংগঠনটির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (হীয়া)। জেনারেল সেক্রেটারি হয়েছেন বাংলা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আইরিন সুলতানা (আঁখি)।
কমিটির ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পেয়েছেন তানহা রাশীদ (অ্যাডমিন), ইসরাত জাহান (এডুকেশন), মো. মাহমুদুল হাসান কিরণ (স্পোর্টস), শামীমা আক্তার (ইনক্লুশন), জান্নাতুল ফিরদাউস আনজুম (আউটরিচ), তামান্না হাসান ঐশী (কালচারাল অ্যাফেয়ার্স) এবং সৈয়দা অনন্যা ফারিয়া (এমপাওয়ারমেন্ট)। এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে সোলায়মান হোসেন এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে মোহাম্মদ মুন্না, সাথী রায় ও মাহিদুল ইসলাম তাশদিদ দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটির নবনির্বাচিত নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন,প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়; বরং ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তারা আরও জানান, ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ একটি সহানুভূতিশীল ও সমতাভিত্তিক ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে এবং নতুন কমিটি এ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সংগঠনের প্রেসিডেন্ট সুমাইয়া আক্তার (হীয়া) বলেন,ক্যাম্পাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন। তিনি জানান, বর্তমান কমিটি শিক্ষা, ক্রীড়া, ক্ষমতায়ন ও সংস্কৃতি-এই চারটি মূল স্তম্ভকে সামনে রেখে শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, ক্রীড়া ও সাংস্কৃতিক অংশগ্রহণ এবং সামগ্রিক উন্নয়নে কাজ করবে।
