প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি কে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।ডেইলি মেইল এর এক প্রতিবেদনে জানানো হয়েছে,এডলফ হিটলার এর প্রশংসা এবং ইহুদিবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে তার ভিসা বাতিল করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘লিগেসি অব ফেইথ’ শীর্ষক বক্তৃতা সফরে তিনি অস্ট্রেলিয়া যান। সেখানে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তার বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশত্যাগে বাধ্য করার প্রক্রিয়া শুরু হয়।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, বিভিন্ন কমিউনিটি গ্রুপ তার আগমনের বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল। তিনি অভিযোগ করেন, আজহারি বিভিন্ন দেশে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার জন্য পরিচিত।
রিপোর্টে আরও বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারি ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন এবং হিটলারকে ‘ইহুদিদের জন্য ঈশ্বরের শাস্তি’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি ইহুদিদের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এর আগে ২০২১ সালে যুক্তরাজ্যে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশেও তার বিরুদ্ধে উগ্রবাদী বক্তব্যের অভিযোগ উঠেছিল এবং তার কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছিল।
অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ সংস্থাটি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়ে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সংস্থাটি সতর্ক করে, তার বক্তব্য ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং উগ্রবাদকে উৎসাহিত করতে পারে।
