বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

বাউবি ও বিপসট এর মধ্যে ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রোগ্রাম চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর মধ্যে যৌথভাবে ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রোগ্রাম চালু করার লক্ষ্যে আজ ১১ মার্চ ২০২৬ তারিখ বুধবার সকাল ১১টায় বাউবি উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding - MoU) স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন এবং বিপসটের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ, এসজিপি, এনডিইউ, পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিপসট-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে ‘ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি’ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেশন প্রদানের জন্য বাউবি প্রয়োজনীয় একাডেমিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। এই উদ্যোগের ধারাবাহিকতায় বিপসটের তত্ত্বাবধানে পরিচালিত আরবি ভাষার ডিপ্লোমা প্রোগ্রামটি বাউবির একাডেমিক সহযোগিতায় বাস্তবায়িত হবে। এতে প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে বিপসট এবং সফল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করবে বাউবি।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, এ ধরণের যৌথ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার পরিসর আরও বিস্তৃত হবে এবং ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং বিপসটের ডেপুটি কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ, এসজিপি, এনডিইউ, পিএসসি।

বিশেষ অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ বলেন, "২০০৮ সাল থেকে বিপসট বাংলাদেশি শান্তিরক্ষীদের আন্তর্জাতিক পরিবেশে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পেশাগত জ্ঞান প্রদান করে আসছে। তিনি বাউবি ও বিপসটের যৌথ উদ্যোগে আরবি ভাষা ডিপ্লোমা প্রোগ্রাম চালুকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে শান্তিরক্ষীরা ভাষাগত দক্ষতা অর্জন করে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে"।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপসটের জ্যেষ্ঠ প্রশিক্ষক-২ কর্নেল মোহাঃ শাহারিয়ার মোর্শেদ, এএফডব্লিউসি, পিএসসি এবং বিপসটের কোর্স সমন্বয়কারী মোঃ আবুল হাসান, পিএসসি, এএসসি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল-এর ডিন অধ্যাপক তানভীর আহসান।

এছাড়াও অনুষ্ঠানে বাউবির সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধ্যাপক ড. মুহাম্মদ ছাইদুল হক, এস এস এস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু তালেব, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হাবিবুল্যাহ মাহামুদ, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাসির উদ্দিন ও তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন পাইক এ সময়ে উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাউবি এবং বিপসট যৌথ উদ্যোগে আরবি ভাষা শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Link copied!