বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

স্যাটেলাইট কোম্পানিতে প্যানেল আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

ফাইল ফটো

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্যানেল আইনজীবী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট চারজন আইনজীবী নিয়োগ দেবে বলে জানানো হয়েছে। নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা পূরণ করলে একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে। আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল ২০২৬।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পদটি হলো প্যানেল আইনজীবী, যা জেলা ও দায়রা জজ আদালত এবং সিএমএম বা সিজিএম আদালতের জন্য। এ পদে মোট দুইজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের আইন বিষয়ে ন্যূনতম এলএলবি (স্নাতক) ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি এলএলএম (স্নাতকোত্তর) বা বার অ্যাট ল ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ বার কাউন্সিলের সনদধারী হতে হবে। একই সঙ্গে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়া বাধ্যতামূলক। এ ছাড়া সংশ্লিষ্ট আদালতগুলোতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

দ্বিতীয় পদটি হলো প্যানেল আইনজীবী, যা হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের জন্য নির্ধারিত। এ ক্ষেত্রেও দুইজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্যও এলএলবি ও এলএলএম অথবা বার অ্যাট ল ডিগ্রি আবশ্যক। প্রার্থীদের বাংলাদেশ বার কাউন্সিলের সনদ থাকতে হবে এবং বার কাউন্সিলের সদস্য হিসেবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে এবং আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হওয়াও বাধ্যতামূলক। হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে, অথবা উভয় বিভাগে যৌথভাবে মামলা পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীদের ৫০ টাকা ফি দিতে হবে এবং টেলিটকের সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ৬ টাকা যুক্ত হবে। অর্থাৎ মোট ৫৬ টাকা ফি জমা দিতে হবে। আবেদন সম্পন্ন করার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১০ মার্চ ২০২৬ থেকে এবং আবেদন চলবে ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত। যোগ্য ও অভিজ্ঞ আইনজীবীদের এই নিয়োগে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

Link copied!