তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --
ফাইল ফটো
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বাড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন ভোক্তা সমাজ গড়ে উঠলে বাজারে প্রতারণা, ভেজাল ও অনিয়ম অনেকাংশে কমে আসবে। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি এ বিষয়ে সচেতন হয়, তবে তারা নিজ নিজ পরিবার ও সমাজের মানুষদেরও সচেতন করতে পারবে। এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ক্যাব রংপুর জেলা সভাপতি আলহাজ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেরোবি প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, মার্কেটিং বিভাগের প্রফেসর শেখ মাজেদুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর শাখার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ লোকমান হোসেন এবং বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ মেসবাহ উল হাসান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তাসহ ক্যাবের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।