বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

গণস্বাস্থ্য মেডিকেলে শিক্ষক সংকট মেটাতে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম

ফাইল ফটো

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে একাধিক পদে জনবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ১২ ধরনের পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। চিকিৎসা শিক্ষা ও প্রশাসনিক বিভিন্ন বিভাগে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল কলেজ অংশে প্রশাসনিক ও একাডেমিক কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদের মধ্যে রয়েছে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। পাশাপাশি এনাটমি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, মেডিসিন এবং সার্জারি বিভাগে অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এছাড়া একাধিক বিভাগে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগের সুযোগ রয়েছে।

সহযোগী অধ্যাপক পদে বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, নবজাতক ও শিশু, সার্জারি, শিশু সার্জারি এবং নাক-কান-গলা বিভাগে শিক্ষক নেওয়া হবে। একই সঙ্গে সহকারী অধ্যাপক পদে এনাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস, রেসপিরেটরি মেডিসিন, গাইনি অ্যান্ড অবস, কার্ডিওলজি, হেমাটোলজি এবং অর্থোপেডিকসসহ বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া এনাটমি বিভাগে কিউরেটর পদে একজন এবং মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, নবজাতক ও শিশু, নাক-কান-গলা এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে রেজিস্ট্রার নিয়োগের সুযোগ রয়েছে। প্রভাষক পদেও একাধিক বিভাগে শিক্ষক নেওয়া হবে।

অন্যদিকে ডেন্টাল ইউনিটেও অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে সায়েন্স অব ডেন্টাল ম্যাটেরিয়ালস, ডেন্টাল এনাটমি, ডেন্টাল থেরাপিউটিকস, পেরিওডন্টোলজি ও ওরাল প্যাথোলজি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিকস, প্রোস্থোডন্টিকস, পেডোডন্টিকস ও ডেন্টাল পাবলিক হেলথ, অর্থোডোন্টিকস এবং ওরাল অ্যান্ড মেক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে।

প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তবে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকেরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই নন-প্র্যাকটিসিং, তথ্যপ্রযুক্তিতে দক্ষ, অধূমপায়ী এবং পান সেবন না করা হতে হবে।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র এবং পূর্ণ জীবনবৃত্তান্তসহ লিখিত আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করে অধ্যক্ষ বরাবর পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা হলো গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ২০ মার্চ ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। বেতন-ভাতা আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

Link copied!