প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুজন পুরুষ ও দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী অভিযুক্ত তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এ বহিষ্কারাদেশ জারি করেছেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন এ ধরনের ঘটনায় কঠোর অবস্থান নেবে বলেও জানানো হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তানজিল।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের একটি অংশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
