প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের উদ্যোগে ‘একুশের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো: মোশাররফ উদ্দিন ভূঞা এবং প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম।
প্রধান খামার তত্ত্বাবধায়ক ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব কৃষিবিদ মো: জিয়াউর রহমান রেফির সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার সংস্থাপন-১ কৃষিবিদ ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ ও নির্বাহী প্রকৌশলী মো: মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি একুশের চেতনাকে ধারণ করে সমৃদ্ধ ও উন্নত আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস এবং এ চেতনাকে ধারণ করেই দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে হবে।”
দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করে ইফতার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
