প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর এসেছে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই তারা তাদের ব্যাংক হিসাব থেকে ঈদ বোনাসের অর্থ তুলতে পারবেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার চার লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীর জন্য উৎসব ভাতার প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, বুধবার (১১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবের প্রশাসনিক ও আর্থিক অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন মিললেই মাউশি কর্তৃপক্ষ পরবর্তী কারিগরি কার্যক্রম সম্পন্ন করবে, যাতে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে বোনাসের অর্থ পাঠানো যায়।
মাউশির অর্থ ও ক্রয় শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানিয়েছেন, ঈদের আগেই শিক্ষক-কর্মচারীদের হাতে উৎসব ভাতার অর্থ পৌঁছে দিতে সংশ্লিষ্ট বিভাগ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর সেটি ‘আইবাস++’ (iBAS++) সিস্টেমে পাঠানো হবে।
তার মতে, যদি নির্ধারিত সময় অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তাহলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই আইবাস সিস্টেমে তথ্য আপলোড করা সম্ভব হবে। এরপর ব্যাংকিং প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষক-কর্মচারীরা আগামী রোববার অথবা সোমবারের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিবছরের মতো এবারও ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা চলছে।
এদিকে ঈদকে সামনে রেখে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে বোনাস পাওয়ার বিষয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দ্রুত সময়ের মধ্যে উৎসব ভাতা হাতে পাওয়ার আশায় অপেক্ষা করছেন।
