বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

১৮০ দিনে আধুনিক শিক্ষা সংস্কারের ঘোষণা মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

ফাইল ফটো

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী এবং সময়োপযোগী করতে অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই কর্মপরিকল্পনার মাধ্যমে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে এনে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তব দক্ষতার বিকাশ ঘটানোর দিকে এগিয়ে নেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় এবং শিল্পখাতের যৌথ উদ্যোগে গবেষণাগার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। উচ্চশিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সভায় জানানো হয়, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কার্যকরভাবে কাজে লাগাতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর জন্য মানসম্মত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ঘোষিত শিক্ষানীতির আলোকে শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভায় আরও জানানো হয়, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে মাধ্যমিক স্তর থেকেই তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা চালু করা হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালু এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা প্রদানের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে সেখানে আইটি ও বিজ্ঞান শিক্ষার অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!