মঙ্গলবার ১৭, ফেব্রুয়ারি ২০২৬

মঙ্গলবার ১৭, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

দীর্ঘ বসা ডেকে আনছে স্থূলতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

ফাইল ফটো

দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা এখন কর্মজীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অল্প খাওয়া-দাওয়া বদলালেও যদি হঠাৎ ওজন বাড়তে থাকে, শরীর ভারী লাগে, সারাক্ষণ ক্লান্তি ঘিরে ধরে—তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার মূল কারণ লুকিয়ে আছে টানা বসে থাকার অভ্যাসে।

ডায়েটিশিয়ান ও ডায়াবেটিস এডুকেটর কানিকা মালহোত্রা জানান, দীর্ঘ সময় এক ভঙ্গিতে বসে থাকলে শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজম ধীর হয়ে যায়। ফলে শরীর আগের তুলনায় কম ক্যালরি পোড়ায়। অতিরিক্ত শক্তি ফ্যাট হিসেবে জমতে শুরু করে, বিশেষ করে পেটের চারপাশে। এ অবস্থায় শরীরের ‘মেটাবলিক ফ্লেক্সিবিলিটি’ কমে যায়—অর্থাৎ কার্বোহাইড্রেট ও ফ্যাটের মধ্যে শক্তির উৎস বদলানোর সক্ষমতা হ্রাস পায়।

এর প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হয়। রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক হতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বাড়ার কারণে হৃদরোগের সম্ভাবনাও বৃদ্ধি পায়। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে রক্তপ্রবাহ ব্যাহত হয়ে উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে।

কীভাবে বুঝবেন ডেস্কে বসে কাজের প্রভাব পড়ছে? বিশেষজ্ঞদের মতে কয়েকটি লক্ষণ স্পষ্ট সংকেত দেয়—পেটের মেদ দ্রুত বাড়া, সবসময় অবসাদ অনুভব করা, পা ও কোমরের পেশি দুর্বল হয়ে যাওয়া, রক্তে শর্করা ও কোলেস্টেরল বৃদ্ধি। অনেকেই ভাবেন শুধু জিমে গেলেই সমাধান মিলবে, কিন্তু দিনের ৮-১০ ঘণ্টা নিষ্ক্রিয় থাকলে সেই ব্যায়ামও যথেষ্ট নাও হতে পারে।

সমাধান অবশ্য কঠিন নয়। প্রতি ২০ থেকে ৩০ মিনিট পরপর অন্তত দুই থেকে পাঁচ মিনিট দাঁড়িয়ে হাঁটা বা হালকা স্ট্রেচিং করা জরুরি। প্রতি ঘণ্টায় পাঁচ মিনিট নড়াচড়া করলে বিপাকক্রিয়া সক্রিয় থাকে। অফিসেই করা যায় ‘ডেস্কারসাইজ’—চেয়ার স্কোয়াট, সিটেড লেগ লিফট বা হালকা হাতের ব্যায়াম।

এছাড়া সকালে পুষ্টিকর খাবার খাওয়া, রাতে ভারী খাবার কমানো, সঠিক ভঙ্গিতে বসা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। আধুনিক কর্মজীবনে ডেস্ক এড়ানো সম্ভব না হলেও সচেতন অভ্যাস বদলেই নীরবে বাড়তে থাকা ওজনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Link copied!