প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
দেশজুড়ে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানটির বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে মোট ৪৮টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ থেকে ২০তম গ্রেডভুক্ত ছয়টি আলাদা ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন, যা অনেকের জন্য বড় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে। এই পদে নিয়োগ দেওয়া হবে ২৬ জনকে। আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.০০সহ আলিম বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে। এ পদের বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
এ ছাড়া ‘বুক বাইন্ডার’ পদে ২ জন, ‘বার্তাবাহক’ পদে ১ জন, ‘অফিস সহায়ক’ পদে ১৭ জন, ‘মালী’ পদে ১ জন এবং ‘পরিচ্ছন্নতাকর্মী’ পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। বুক বাইন্ডার পদের জন্য দাখিল বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বার্তাবাহক, অফিস সহায়ক, মালী ও পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। কিছু ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এসব পদের বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা (গ্রেড-১৯ ও ২০)।
আবেদনকারীর বয়স ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ অনুমতি নিয়ে আবেদন করতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে।
আবেদন ফি প্রথম পদের জন্য মোট ১১২ টাকা এবং অন্যান্য পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীদের ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। চাকরিপ্রত্যাশীদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি।
