বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

গৃহিণী থেকে আপোষহীন নেত্রী

..

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

ফাইল ফটো

শামীম রেজা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক অনন্য অধ্যায়ের অবসান হলো। গৃহিণী থেকে সংগ্রামের পথ বেয়ে জাতীয় নেতৃত্বে উঠে আসা,স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের আপোষহীন নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী।যিনি ব্যক্তিগত দুঃখ-কষ্ট, রাজনৈতিক নির্যাতন ও কারাবরণের মধ্যেও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি।

তিনি ছিলেন সেই সাহসী নারী, যিনি পুরুষশাসিত রাজনীতিতে দৃঢ় পদচারণায় নিজের অবস্থান তৈরি করেছিলেন এবং কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠকারী বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনসঙ্গিনী হিসেবে তিনি শুধু ইতিহাসের সাক্ষীই নন, বরং পরবর্তী সময়ে নিজেই ইতিহাসের নির্মাতা হয়ে ওঠেন।

স্বৈরাচার পতনের আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনীতির বিকাশে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার নেতৃত্বে বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং গণতন্ত্রকামী মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়।

আজ তার প্রয়াণে শোকাচ্ছন্ন দেশ। রাজনীতি হারালো এক দৃঢ় কণ্ঠ, আর জাতি হারালো এক সংগ্রামী নেতৃত্বকে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই গভীর শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন ? 

লেখক। শামীম রেজা

Link copied!