প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
আফগানিস্তানের কুনার প্রদেশে একটি বিদ্যালয়ের কাছে বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন। দেশটির এক সরকারি মুখপাত্র বিবিসিকে হতাহতের এ তথ্য জানিয়েছেন।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কোয়ানি জানান, শনিবার সকালে প্রদেশটির রাজধানী আসাদাবাদের আন্দারসির এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কোয়ানি বলেন, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ওই এলাকার কাছেই কয়েকটি খনি কোম্পানির বিস্ফোরক সংরক্ষণের ডিপো রয়েছে। সেখানে অবহেলা ও অসাবধানতার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে আহত শিশুদের হাসপাতালে নেওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে কয়েকজনকে গাড়ি থেকে নামিয়ে কোলে করে আসাদাবাদের একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে দেখা যায়। এ সময় হাসপাতালের বাইরে ও আশপাশে অনেক মানুষকে ভিড় করতে দেখা যায়।
হাসপাতালের ভেতরের কিছু ছবিতেও আহত শিশুদের পাশাপাশি শয্যায় শুয়ে থাকতে দেখা গেছে। তাদের কয়েকজনের মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল।
আফগানিস্তানের অর্থনীতিতে খনিশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দেশটিতে এ শিল্পের নিরাপত্তাব্যবস্থা প্রায়ই দুর্বল থাকে। ফলে খনিসংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনাও ঘটে থাকে।
