প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আসনসংখ্যা ২৭০টি বাড়ানো হয়েছে। এতে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টিতে। একই সঙ্গে সরকারি মেডিকেল কলেজের সংখ্যাও বেড়েছে। নতুন অনুমোদন পাওয়া নরসিংদী, ঠাকুরগাঁও ও সরকারি কর্মচারী মেডিকেল কলেজও এবার শিক্ষার্থী ভর্তির তালিকায় যুক্ত হয়েছে।
চলতি শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে ২৫ নভেম্বর। আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে বর্তমানে ৪০টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট আসন ৫ হাজার ২৭০টি। অন্যদিকে, ঢাকা ডেন্টাল কলেজসহ আটটি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে আসন রয়েছে ৫৪৫টি।
নতুন তিন মেডিকেল কলেজে ৫০টি করে আসন
চলতি বছর অনুমোদন পাওয়া তিনটি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫০টি করে আসন রাখা হয়েছে। কলেজগুলো হলো—নরসিংদী মেডিকেল কলেজ, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। গত ১৩ মে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় সরকার। এটি দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ। এর এক মাস পর, ১৪ জুন ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পায় নরসিংদী মেডিকেল কলেজ। আর ৯ নভেম্বর ২০২৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রায় এক কিলোমিটার দূরে রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চালুর অনুমোদন দেওয়া হয়। নতুন তিনটি প্রতিষ্ঠানের কোনোটিরই অবকাঠামো এখনো নির্মিত হয়নি।
কলেজভিত্তিক এমবিবিএস আসনসংখ্যা
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এমএজি ওসমানী, বরিশালের শের-ই-বাংলা, রংপুর, স্যার সলিমুল্লাহ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২৫০টি করে আসন রয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আসনসংখ্যা ২২০টি।
কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজে ২০০টি করে আসন রয়েছে। গোপালগঞ্জ, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ, মানিকগঞ্জ ও টাঙ্গাইল মেডিকেল কলেজে আসনসংখ্যা ১২৫টি করে।
কক্সবাজার, নোয়াখালী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ ও মুগদা মেডিকেল কলেজে ১০০টি করে আসন রয়েছে।
এ ছাড়া রাঙামাটি, নীলফামারী ও সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৭৫টি করে আসন রয়েছে। হবিগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নওগাঁ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, নরসিংদী ও সরকারি কর্মচারী মেডিকেল কলেজে আসনসংখ্যা ৫০টি করে।
বিডিএস কোর্সে আসনসংখ্যা
বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি আসন রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন ৬০টি। রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৯টি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬টি আসন রয়েছে।
অন্যদিকে, সিলেট এমএজি ওসমানী, ময়মনসিংহ, রংপুর, বরিশালের শের-ই-বাংলা এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।
একই প্রশ্নপত্রে হবে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা
ভর্তি নীতিমালা অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তবে ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজিতে পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সময়
লিখিত ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এইচএসসি বা সমমানের সিলেবাস অনুসারে মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো- পদার্থবিজ্ঞান: ১৫, রসায়ন: ২৫, জীববিজ্ঞান: ৩০, ইংরেজি: ১৫, সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন: ১৫। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে প্রার্থী অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে তিনি দেশের কোনো মেডিকেল বা ডেন্টাল কলেজে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট।
যেভাবে নির্ধারিত হবে মেধাক্রম
ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরির ক্ষেত্রে এসএসসি বা ‘ও’ লেভেল এবং এইচএসসি বা ‘এ’ লেভেল পরীক্ষার জিপিএর জন্য মোট ১০০ নম্বর বরাদ্দ থাকবে। এর মধ্যে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৮ গুণ হিসেবে সর্বোচ্চ ৪০ নম্বর এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১২ গুণ হিসেবে সর্বোচ্চ ৬০ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় পাওয়া নম্বরের সঙ্গে দুই পরীক্ষার জিপিএভিত্তিক নম্বর যোগ করে চূড়ান্ত মেধাক্রম তৈরি করা হবে।
এ ছাড়া ২০২৫ সালে এইচএসসি বা ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে। আর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর বাদ দিয়ে মেধাক্রম নির্ধারণ করা হবে।
ভর্তি কার্যক্রমের গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো-
- অনলাইনে আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬
- আবেদন জমার শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
- আবেদন ফি জমার শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
- প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট: ১৪ থেকে ১৭ ডিসেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট
আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন ফরম অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসারে সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন পদ্ধতি, আসনসংখ্যা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
