রবিবার ২৯, নভেম্বর ২০২৬

রবিবার ২৯, নভেম্বর ২০২৬ -- : -- --

শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি নয়, পাঠদানে মনোযোগ দিন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকলেও তা যেন পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা কিংবা শিক্ষার্থীদের নিরাপত্তায় বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিস্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের বাইরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়। এবারের সম্মিলনের প্রতিপাদ্য ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা স্বাভাবিক বিষয়। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সমস্যা তৈরি না করে, তা নিশ্চিত করতে হবে। একজন অধ্যক্ষের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, অধ্যক্ষ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অন্যতম কারিগর। তার মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।

শিক্ষা খাতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ১৯৯২ সালের ২১ অক্টোবর বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছে। তবে সেগুলো বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

যুগের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রচলিত শিক্ষককেন্দ্রিক পাঠদান পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার ঘাটতি শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষার ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে বড় ধরনের পরিবর্তন আনছে।

এসব প্রযুক্তির প্রভাবে একদিকে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র। তাই প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই বলে জানান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরির ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের সুযোগ করে দেবে।

এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হতে পারবেন। একই সঙ্গে অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে সক্ষম হবেন।

শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

বহুভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে। এ ছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কলেজভিত্তিক শিক্ষক সংকট চিহ্নিত করা, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান তিনি। শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি। এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে। বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

জাতীয় সংগীত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন তিনি।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ শীর্ষক একটি অ্যাপের তথ্যচিত্র প্রকাশ করা হয়। এতে দুর্যোগ ও ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে সতর্কতা ও সহায়তা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যাতায়াত ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিষয়ক সতর্কবার্তা এবং সরকারি কার্যক্রমে সহায়ক তথ্যপ্রবাহ তুলে ধরা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী।সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানো, শিক্ষার মানোন্নয়ন এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার মান বৃদ্ধি, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এ ছাড়া বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

Link copied!