তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম
রবিবার ২৯, নভেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে শিবিরের নেতা-কর্মীরা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’—এ ধরনের বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এ সময় ইসলামী ছাত্রশিবিরের বেরোবি শাখার সভাপতি রাকিব মুরাদ বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তারা গুম, খুন ও হত্যার রাজনীতি শুরু করেছিল। সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিভাজনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়।
তিনি বলেন, ‘আমরা সেই জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রয়োজনে আবারও জীবন দেব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও সেই পতিত স্বৈরাচারকে আর দেশে ফিরে আসতে দেব না।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে খুনি হাসিনার শাসনামলে দুই হাজারের বেশি ভাই শহীদ হয়েছেন। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এমনকি শিশুরাও প্রাণ হারিয়েছে। সেই খুনি হাসিনাকে আর এ দেশে ফিরে আসতে দেওয়া হবে না। কেউ যদি আবার বিভাজনের রাজনীতি শুরু করতে চায়, খুন ও নৈরাজ্যের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে জনগণ তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’
একটি রাজনৈতিক দলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘একটি দল বারবার বলেছে, নির্বাচন হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, তারা নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করছে। তারা যদি সত্যিই ঐক্য চায়, বিভাজনের রাজনীতি না চায়, তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন নেতার বাসা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। আবার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তাদের নেতাদের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। একদিকে ঐক্যের কথা বলবেন, অন্যদিকে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করবেন—এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।’
এ ছাড়া গণভোটের রায় মেনে নেওয়া এবং জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। তাঁর দাবি, জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করা হলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য ও ফ্যাসিবাদী রাজনীতি প্রতিহত করা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান খান সৌরভ বলেন, ‘সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব, ইনশাআল্লাহ। ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের নোংরা খেলা করতে চায়, তা এ দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। জুলাইয়ে দেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, প্রয়োজনে ভবিষ্যতেও ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে যেকোনো নৈরাজ্য প্রতিহত করবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে বলতে চাই, আপনারা যদি আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেন, তাহলে এর পরিণতি ভালো হবে না। সারাদেশের ছাত্রসমাজ ও অন্যান্য সংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা ঐক্যবদ্ধ থাকব।’
এ সময় বেরোবি শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।