প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
দেশে ভারোত্তোলন খেলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের জন্য নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মাণের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শনিবার সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ফেডারেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে স্থায়ী অবকাঠামো নির্মাণে সরকার উদ্যোগ নেবে।
আমিনুল হক বলেন, ‘সরকারের লক্ষ্য শুধু সাফ গেমসে পদক জয় নয়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে হবে। নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, নতুন কুঁড়ির প্রথম আসরে অংশ নেওয়া প্রায় ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদের মধ্যে ৫০ হাজার ছিল কিশোরী। দ্বিতীয় আসরে মোট ১৬ লাখ ২৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে কিশোরীর সংখ্যা ছিল প্রায় ৭ লাখ।
খেলাধুলায় মেয়েদের এই অংশগ্রহণের ধারা ধরে রাখতে পরিবারগুলোকে আরও উৎসাহ ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জাতীয় পর্যায়ের ভারোত্তোলকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ক্রীড়া ভাতা চালুর বিষয়টিও তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন খেলোয়াড়কে সরকারি ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। যোগ্যতা ও পারফরম্যান্স বিবেচনায় পর্যায়ক্রমে আরও খেলোয়াড়কে এই সুবিধা দেওয়া হবে।
এ ছাড়া দেশের ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণে আগামী পাঁচ বছরে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা জানান আমিনুল হক। একই সঙ্গে উপজেলা পর্যায়েও মাঠ ও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ভারোত্তোলনের প্রসারে রাজধানীর পাশাপাশি বিভাগীয় পর্যায়েও লিগ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশজুড়ে প্রশিক্ষণের সুযোগ ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে বিভিন্ন অঞ্চল থেকে নতুন নতুন প্রতিভাবান ভারোত্তোলক উঠে আসবে। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাও বাড়বে।’
