রবিবার ২৯, নভেম্বর ২০২৬

রবিবার ২৯, নভেম্বর ২০২৬ -- : -- --

৭২ ঘণ্টার আলটিমেটাম, ৫০তম বিসিএসের ফল চান প্রার্থীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের শেষ সময় ছিল ২৬ নভেম্বর ২০২৬। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অপেক্ষমাণ প্রার্থীরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফলপ্রত্যাশীরা। এ সময় পিএসসির প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ফল প্রকাশ না করায় হতাশা ও অসন্তোষের কথা তুলে ধরেন তাঁরা।

সংবাদ সম্মেলনে এক প্রার্থী বলেন, ‘পিএসসি এক বছরে একটি বিসিএস শেষ করবে, এ প্রতিশ্রুতিতে আমরা আস্থা রেখেছিলাম। প্রিলিমিনারি পর দুই মাসের কম সময়ের মধ্যে এক হাজার নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়েছে। আমাদের অসুবিধা হয়েছে, তারপরও বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা পরীক্ষা দিয়েছি। সবকিছু ঠিকঠাক চলছিল। মৌখিক পরীক্ষা শেষে আমরা আশা করেছিলাম যে এক সপ্তাহের মধ্যে ফলাফল দেবে। কিন্তু এখন নানা ধরনের কথা শোনা যাচ্ছে, নানা ধরনের গুজব ছড়াচ্ছে। আমরা কোনো ধরনের সময়ক্ষেপণ চাই না। অবিলম্বে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরেক প্রার্থী সাম্প্রতিক বিসিএসগুলোর ফল প্রকাশের সময়ের তুলনা তুলে ধরেন। তিনি বলেন, ‘৪৫, ৪৬, ৪৭ ও ৪৮তম বিসিএসে আমরা দেখেছি, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এক থেকে দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু এই বিসিএসের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরের দিকে শেষ হয়েছে। ইতিমধ্যে দুই মাস অতিবাহিত হলো। আমরা পিএসসির কাছে সুনির্দিষ্ট বক্তব্য চাই। ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করতে হবে।’

লিখিত বক্তব্যে প্রার্থীরা জানান, ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ১৬ দিন পর, ৪৬তম বিসিএসের ১৩ দিন পর এবং ৪৭তম বিসিএসের মাত্র ১০ দিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পিএসসি। এ ছাড়া ৪৮তম ও ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশে সময় লেগেছিল যথাক্রমে এক ও দুই দিন।

প্রার্থীদের দাবি, অতীতে দ্রুত ফল প্রকাশের নজির থাকলেও ৫০তম বিসিএসের ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষা তৈরি হয়েছে। এতে পিএসসির ঘোষিত ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ফল প্রকাশে বিলম্বের কারণ রিপিট ক্যাডার জটিলতা?

পিএসসি সূত্রে জানা গেছে, ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়েই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে সময় নেওয়া হচ্ছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় এখনো এর চূড়ান্ত গেজেট জারি করেনি।

পিএসসি চাইছে, ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ ও প্রার্থীদের যোগদান সম্পন্ন হওয়ার পর প্রকৃত শূন্য পদের হিসাব সমন্বয় করে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করতে। অন্যথায় ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে প্রার্থীরা বলছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গেজেট প্রকাশে বিলম্বের দায় তারা নিতে পারেন না। রিপিট ক্যাডার জটিলতা এড়াতে পিএসসি এখনই চূড়ান্ত ফল প্রকাশ করতে পারে। প্রয়োজনে পরবর্তী সময়ে সম্পূরক ফল প্রকাশের প্রস্তাবও দিয়েছেন তারা। তাদের ভাষ্য, ফল প্রকাশে অযথা বিলম্বের কারণে হাজারো তরুণ-তরুণী মানসিক চাপের পাশাপাশি কর্মজীবন নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৫০তম বিসিএসের ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলছে। তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে যথাসময়ে তা জানানো হবে।

একনজরে ৫০তম বিসিএসের সময়সূচি

‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ বা এক বছরে একটি বিসিএসের কার্যক্রম শেষ করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ২ হাজার ১৫০টি পদের বিপরীতে আবেদন করেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। শুরু থেকেই দ্রুতগতিতে এগোয় নিয়োগপ্রক্রিয়া। ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মাত্র ১১ দিন পর, ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় ফল।

এরপর ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়। খাতা মূল্যায়নের কাজ শেষ করে ৭৭ দিনের মধ্যে, ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন। এতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। গত ১১ আগস্ট মৌখিক পরীক্ষা শুরু হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হয়। নিয়োগপ্রক্রিয়ার প্রতিটি ধাপ সময়মতো সম্পন্ন হওয়ায় পিএসসির রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের প্রত্যাশা করেছিলেন প্রার্থীরা। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল না আসায় এখন দ্রুত প্রকাশের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।

Link copied!