বুধবার ২৫, নভেম্বর ২০২৬

বুধবার ২৫, নভেম্বর ২০২৬ -- : -- --

যানজট-অব্যবস্থাপনায় নাকাল কুলাউড়া, সরকারি সম্পত্তিও বেদখল

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

মৌলভীবাজারের কুলাউড়া শহরে যানজট যেন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র যানবাহন পার্কিং এবং অনিয়ন্ত্রিত চলাচলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যাতায়াত। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ। শহরে জেলা পরিষদের রেস্টহাউজের দোকানকোটা অবৈধভাবে দখলে রাখার অভিযোগ উঠেছে।

বুধবার ২৫ নভেম্বর সরজমিনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, কুলাউড়া শহরের ব্যস্ততম সড়কগুলোতে যানবাহন চলাচলের নির্দিষ্ট শৃঙ্খলা নেই। যেখানে-সেখানে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে সড়কের একাংশ দখল করে যাত্রী ওঠানামা ও মালামাল পরিবহনের কাজ চলে। ফলে সড়কের কার্যকর প্রশস্ততা কমে গিয়ে তৈরি হচ্ছে যানজট।

বিশেষ করে ব্যস্ত সময়ে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের যানজটে পড়তে হচ্ছে। কখনো কখনো অল্প দূরত্ব অতিক্রম করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষের ভোগান্তিও বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, যানজটের কারণে শহরের অর্থনৈতিক কার্যক্রমেও প্রভাব পড়ছে। ক্রেতা-বিক্রেতার চলাচল কমে যাওয়ায় বাজারের লেনদেনেও ধীরগতি দেখা দিচ্ছে। সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের কারণে জরুরি সেবা পৌঁছাতেও দেরি হচ্ছে বলে অভিযোগ তাদের।

এদিকে সরকারি সম্পত্তি দখলের অভিযোগও দিন দিন জোরালো হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের সময় জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান সরকারি সম্পত্তি যথাযথ নিয়ম না মেনে বরাদ্দ ও ইজারা দিয়েছিলেন। বর্তমানে সেই সব দোকানকোটা অবৈধ দখলে রয়েছে। এলাকাবাসীর দাবি, জেলা পরিষদের জায়গা দখলমুক্ত করে নিয়ম অনুযায়ী বরাদ্দ দেওয়া হোক।

স্থানীয়দের মতে, সরকারি সম্পত্তি যথাযথ নিয়মে বরাদ্দ, ইজারা ও ব্যবস্থাপনার আওতায় থাকার কথা। কিন্তু কোনো দোকানকোটা অবৈধভাবে দখলে থাকলে তা উদ্ধারে জেলা পরিষদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকারি সম্পত্তি রক্ষায় দায়িত্বশীল কর্তৃপক্ষের নীরবতা বা নিষ্ক্রিয়তা কোনোভাবেই কাম্য নয়।

শহরের যানজট নিরসনে বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। কয়েকদিন অভিযান চলে, এরপর আবার আগের অবস্থায় ফিরে যায় শহর। সড়কে শৃঙ্খলা ফেরাতে স্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনা, নির্দিষ্ট পার্কিং স্থান ও নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন, জেলা পরিষদের কোনো জায়গায় কেউ অবৈধভাবে দখল করে থাকলে তা উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!