বুধবার ২৫, নভেম্বর ২০২৬

বুধবার ২৫, নভেম্বর ২০২৬ -- : -- --

সমাবর্তনে সুবিধাবঞ্চিত নোবিপ্রবির বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

সংগৃহীত ছবি । ক্যাম্পাস রিপোর্ট

দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন। আগামী ২১ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। 

দীর্ঘ প্রতীক্ষিত এ আয়োজন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস থাকলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় অনিশ্চয়তা ও হতাশায় রয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন সাবেক শিক্ষার্থীরা। সমাবর্তনে অংশগ্রহণের ক্ষেত্রে সহযোগীর প্রয়োজন, বাড়তি যাতায়াত ব্যয় এবং নিবন্ধন ফি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অভিযোগ, সমাবর্তনের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে তাঁদের শারীরিক সক্ষমতা ও বিশেষ প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে অন্যান্য শিক্ষার্থীদের মতো স্বাচ্ছন্দ্যে সমাবর্তনে অংশগ্রহণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করা নিয়ে তাঁরা অনিশ্চয়তায় রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে ১৯-২০ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন হোসাইন জানান, চলাচল ও দৈনন্দিন বিভিন্ন কাজে তাঁদের একজন সহযোগীর প্রয়োজন হয়। সমাবর্তনে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রত্যেকের একজন করে সহযোগী প্রয়োজন হবে। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে সমাবর্তনের আনুষ্ঠানিকতায় অংশ নিতে এবং ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন, তাঁদের জন্য বিষয়টি ততটা সহজ নয়। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাঁদের বাড়তি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।

তিনি বলেন, বর্তমান চাকরির বাজার ও আর্থিক বাস্তবতা বিবেচনায় বিশেষ চাহিদাসম্পন্ন সাবেক শিক্ষার্থীদের সমাবর্তনের নিবন্ধন ফি কমানো প্রয়োজন। কারণ, নিবন্ধন ফির পাশাপাশি সহযোগীকে সঙ্গে নিয়ে যাতায়াতসহ অন্যান্য ক্ষেত্রেও তাঁদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। ফলে সমাবর্তনে অংশগ্রহণ তাঁদের জন্য আর্থিকভাবে আরও কঠিন হয়ে উঠছে।

এ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুটি প্রস্তাব তুলে ধরেন তাঁরা। প্রথমত, বিশেষ চাহিদাসম্পন্ন সাবেক শিক্ষার্থীদের সমাবর্তনের নিবন্ধন ফি কমানো এবং দ্বিতীয়ত, তাঁদের মধ্য থেকে অন্তত একজনকে সমাবর্তনে বিশেষ সম্মাননা প্রদান। 

ইয়াসিন হোসাইনের মতে,নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসেছেন। তাঁদের এই সংগ্রাম ও অর্জনকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। সমাবর্তনে বিশেষ সম্মাননা প্রদান করা হলে তাঁরা অনুপ্রাণিত হবেন এবং অন্যরাও প্রতিকূলতা জয় করে এগিয়ে যেতে উৎসাহিত হবেন।

এ বিষয়ে এনএসটিইউ শাইনের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: ইমদাদুল হক বলেন, “আমরা সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে দুটি দাবি জানিয়েছি। প্রথমত, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে যিনি ফলাফল ও সার্বিক দিক বিবেচনায় সবচেয়ে ভালো করবেন, সমাবর্তনে তাঁকে যেন বিশেষ সম্মাননা বা পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয়ত, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সমাবর্তনের নিবন্ধন ফি মওকুফ বা কমানোর ব্যবস্থা করা হয়। প্রথম দাবির বিষয়ে প্রশাসন বিবেচনার আশ্বাস দিলেও দ্বিতীয় দাবির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। আমরা চাই, সমাবর্তনে তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “আমরা অনলাইনে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) ব্যবস্থা করেছি। এখন আর এ ব্যবস্থা পরিবর্তন বা কমিয়ে আনার সুযোগ নেই। তবে কারও এ ধরনের আর্থিক প্রতিবন্ধকতা থাকলে আবেদনপত্র নিয়ে অফিসে যোগাযোগ করলে বিবেচনা করা হবে।”

Link copied!