বুধবার ২৫, নভেম্বর ২০২৬

বুধবার ২৫, নভেম্বর ২০২৬ -- : -- --

প্রশাসনিক অচলাবস্থায় চুয়েটে দেনার পাহাড়

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে ঘিরে সৃষ্ট অচলাবস্থার প্রভাব এবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। ভিসি ক্যাম্পাসে না থাকায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক অনুমোদন ও আর্থিক ছাড় আটকে গেছে, যার ফলে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া। এতে যেমন দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে, তেমনি সময়মতো বকেয়া পরিশোধ না হলে জ্বালানি সরবরাহ বন্ধসহ জরুরি সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, চুয়েটের যানবাহনে সরবরাহ করা জ্বালানি তেলের তিন মাসের বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৫০ লাখ টাকা। ইস্ট অ্যান্ড অটোমোবাইলস কর্তৃপক্ষ আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের ৪০ লাখ ৭০ হাজার টাকা পরিশোধে যানবাহন অধিদপ্তরকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। নভেম্বরের বকেয়া যুক্ত হলে তা ৫০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানানো হয়েছে। নভেম্বরের মধ্যে বকেয়া শোধ না করলে জ্বালানি সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি ১৯ নভেম্বর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতিকে লিখিতভাবে অবহিত করেছেন যানবাহন অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক সম্পদ ঘোষ। এর পাশাপাশি দুই মাসের বকেয়া হিসেবে আনসার সদস্যদের বেতন বাবদ প্রায় ২০ লাখ টাকা এবং তিন মাসের বিদ্যুৎ ও গ্যাস বিল বাবদ আরও ১ কোটি ৬০ লাখ টাকা জমে গেছে। প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেকুল আলম সতর্ক করেছেন যে দ্রুত এসব বকেয়া পরিশোধ করা না গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

ভিসির অনুপস্থিতি ও প্রশাসনিক অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছে। ভর্তি পরীক্ষার আয়োজন ও বিজ্ঞাপন প্রকাশ আটকে থাকার পাশাপাশি অস্থায়ী ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের বেতন বন্ধ রয়েছে। বরাদ্দের অভাবে উন্নয়ন ও নতুন প্রকল্প, নতুন নিয়োগ ও পদোন্নতি, ছুটি ও বিদেশ ভ্রমণের ছাড়পত্র, প্রকাশনা ও ডায়েরি-ক্যালেন্ডার তৈরির কাজ, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ, নিয়মিত সভা-সেমিনার এবং খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমও বন্ধ আছে। প্রধান প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রাখায় ভিসি, রেজিস্ট্রার ও কন্ট্রোলার অফিসের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, যার ফলে কেনাকাটা, টেন্ডার প্রক্রিয়া এবং মূল সনদ উত্তোলনও করা যাচ্ছে না।

তবে উপাচার্য শেখ শরীফুল আলমের দাবি, পরিস্থিতি আগের মতোই রয়েছে। তিনি ই-মেইলের মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত দিচ্ছেন এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এই সংকটের সমাধান কবে নাগাদ হতে পারে, এ বিষয়ে তিনি মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দায়িত্বপ্রাপ্তদের ওপরই বিষয়টি ছেড়ে দিয়েছেন।

অন্যদিকে সংকট নিরসনে গঠিত ইউজিসির ছয় সদস্যের পরামর্শক কমিটির সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান একটি অগ্রগতির কথা জানালেও সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি।

বিরোধের সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর, যখন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মাত্র ৫৬ দিন দায়িত্বে থাকা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও তাতে যোগ দেন। ১২ অক্টোবর নতুন ভিসি তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে অবরুদ্ধ করা হয় এবং পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে উদ্ধার করেন। দীর্ঘ অচলাবস্থার পর ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করলেও উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট বিরোধের এখনো কোনো দৃশ্যমান সমাধান হয়নি।

Link copied!