প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
আরবি ভাষায় দক্ষতা অর্জনে আগ্রহী মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশি নাগরিকদের জন্য তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স চালু করেছে ইসলামিক ফাউন্ডেশন। ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’-এর (সার্টিফিকেট কোর্স ইন বেসিক অ্যারাবিক) তৃতীয় ব্যাচে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ কোর্সে অংশ নিতে ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। সপ্তাহে তিন দিন ক্লাস অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীন আরবি ভাষা ইনস্টিটিউট এ কোর্স পরিচালনা করবে। আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে প্রশিক্ষণ কার্যক্রম। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতা: এ কোর্সে আবেদন করতে হলে প্রার্থীকে কমপক্ষে এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
কোর্স ফি ও জমা দেওয়ার নিয়ম: তিন মাসের এ কোর্সের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। কোর্স শুরুর আগেই সোনালী ব্যাংক পিএলসির বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০৬০১৯ নম্বর হিসাবে ফি জমা দিতে হবে।
যেভাবে সংগ্রহ করবেন আবেদন ফরম: আগ্রহীরা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া কমপ্লেক্সের উত্তর পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউট থেকেও ফরম নেওয়া যাবে।
সরাসরি ফরম সংগ্রহের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ‘IF Deeny Dawat & Culture Dept. Baitul mokarram’ নামের ফেসবুক পেজ থেকেও আবেদন ফরম ডাউনলোডের সুযোগ রয়েছে।
আবেদনের সঙ্গে যা জমা দিতে হবে: পূরণ করা আবেদন ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। এসব কাগজপত্র আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ২০২৭ সালের ৩ জানুয়ারি কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।
ক্লাসের সময়সূচি ও সনদ: তিন মাসের কোর্সে প্রতি সপ্তাহে রবি, সোম ও বুধবার ক্লাস হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে, তবে প্রয়োজনে এ সময় পরিবর্তন হতে পারে। প্রতিদিন দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। মাসে ২৪টি ক্লাস হিসেবে পরীক্ষাসহ পুরো কোর্সে মোট ৭৬টি ক্লাস থাকবে। প্রতিটি ক্লাসের ব্যাপ্তি এক ঘণ্টা।
বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে পাঠদান করা হবে। কোর্স শেষে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ দেওয়া হবে।
কোর্সে ভর্তি ও অন্যান্য বিস্তারিত তথ্য জানতে ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখা যাবে।
