সোমবার ১৬, নভেম্বর ২০২৬

সোমবার ১৬, নভেম্বর ২০২৬ -- : -- --

গণ বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সি-৬০১ নম্বর কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং জিবিসিডিসির মেন্টররা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জিবিসিডিসির আজীবন মেন্টর তানিয়া আহমেদ তন্বি বলেন, ‘আমরা যখন শিক্ষার্থী ছিলাম, তখন এত সুযোগ-সুবিধা ছিল না। সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি পড়াশোনার প্রতিও মনোযোগী হতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘জিবিসিডিসির শুরুর দিকের নানা জটিল পথচলার কথা সবাই জানেন না। একটি সংগঠন প্রতিষ্ঠার পেছনে দীর্ঘ চেষ্টা ও পরিশ্রম থাকে। জিবিসিডিসির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকুক—এ কামনা করি। সবার কাজের স্পৃহা ও কর্মদক্ষতা সংগঠনটিকে আরও এগিয়ে নেবে।’

জিবিসিডিসির সভাপতি বিদিতা চৌধুরী বলেন, ‘অঙ্কুর হয়ে জিবিসিডিসিতে এসেছিলাম, কিন্তু বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যেতে চাই। শিক্ষার্থীরা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সেমিনার, কর্মশালা, ক্যারিয়ারবিষয়ক ফেস্ট এবং অনলাইন-অফলাইন সেশনের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে বহুদূর এগিয়ে নিতে চাই।’

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জিবিসিডিসি) ২০২৩ সালের ১৪ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।

Link copied!