মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ -- : -- --

আন্তর্জাতিক ক্রেডিট বিনিময়ে ইতিহাস গড়লেন খুবি শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

মো. মুশফিকুর রহমান মুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে যুক্ত হলো নতুন এক মাইলফলক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রেডিট বিনিময় কর্মসূচির আওতায় বিদেশি বিশ্ববিদ্যালয়ে অর্জিত একাডেমিক ক্রেডিট নিজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে সমন্বয়ের মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান মুন।

ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস আন্তর্জাতিক ক্রেডিট বিনিময় কর্মসূচি (কেএ১৭১)-এর আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেনে এক সেমিস্টার এক্সচেঞ্জ শিক্ষার্থী হিসেবে পড়াশোনার সুযোগ পান মুন। সেখানে তিনি ফরেস্ট্রি ও পরিবেশবিজ্ঞানসংশ্লিষ্ট বিভিন্ন কোর্স সফলভাবে সম্পন্ন করেন।

জার্মানির বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাঁর একাডেমিক ক্রেডিট খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রির অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এ ক্ষেত্রে দুই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, কোর্সের বিষয়বস্তু, ক্রেডিট কাঠামো এবং মূল্যায়ন পদ্ধতির সামঞ্জস্য যাচাই করা হয়। পুরো প্রক্রিয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ক্রেডিট বিনিময় ব্যবস্থা এবং সম্প্রতি প্রণীত ক্রেডিট অ্যান্ড গ্রেড কনভার্সন রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী মাইশা আজম মৌ ও মো. মুশফিকুর রহমান মুন জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেনে অধ্যয়নের জন্য মনোনীত হন।

এ কার্যক্রম বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন এবং জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেনের মধ্যে সমন্বয়কারী ও সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে বিদেশে অর্জিত শিক্ষাকে নিজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সঙ্গে সম্পৃক্ত করার একটি কার্যকর দৃষ্টান্ত তৈরি হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়, ক্রেডিট ট্রান্সফার এবং যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের নতুন সম্ভাবনাও তৈরি হবে।

Link copied!