প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন ধাপে মোট ২২০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ১০০ নম্বর করে এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর থাকতে পারে।
প্রিলিমিনারিতে চার বিষয়ে ১০০ নম্বর
প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান-এই চারটি বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব রয়েছে।
এ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। অন্যদিকে, প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যেতে পারে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস নম্বর হতে পারে ৪০ শতাংশ।
লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ পরীক্ষার সময় হতে পারে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
তবে পরীক্ষার পদ্ধতি, নম্বর বণ্টন ও সিলেবাসসংক্রান্ত এসব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিসেম্বরে প্রকাশ হতে পারে নিয়োগ বিজ্ঞপ্তি
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর।
