ভিক্টোরিয়া কলেজ থেকে রাকিব হোসেন
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
বুধবার ০৪, নভেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
কুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীবাহী বাস ‘গৌরীপুর-১’। বুধবার (৪ নভেম্বর) দুপুরে কলেজ থেকে গৌরীপুর যাওয়ার পথে একটি বেপরোয়া পিকআপ ভ্যান বাসটিকে কয়েকবার চাপা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলে যায় বাসটি। চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের মধ্যে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পলির পরিচয় পাওয়া গেছে।
শিক্ষার্থীরা জানান, দুপুরে কলেজ থেকে ছেড়ে যাওয়া বাসটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান বাসটিকে কয়েকবার চাপা দেয়। এ সময় চালক দ্রুত জরুরি ব্রেক করলে বাসটি সড়কের এক পাশে থেমে যায়। তবে আকস্মিক ব্রেকের কারণে সামনের দিকে বসা কয়েকজন শিক্ষার্থী ছিটকে পড়ে আহত হন। বাসটির পাশেই ছিল একটি পুকুর। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসের শিক্ষার্থীরা।
বাসের অবস্থানকারী ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ হাসান বলেন, ‘আমাদের বাসটি ইলিয়টগঞ্জ পৌঁছালে একটি পিকআপ ভ্যান আমাদের বাসকে চাপা দেয়। পরে পিকআপটি পালিয়ে যায়। অধিকাংশ শিক্ষার্থী তখন ঘুম ঘুম অবস্থায় ছিলো। হঠাৎ চালক জরুরি ব্রেক করেন। এতে বাসটি রাস্তার এক পাশে চলে যায়। সামনের দিকে বসা কয়েকজন ছাত্রী বাসের ভেতরে ছিটকে পড়ে আহত হন। ঠিক পাশেই একটি পুকুর ছিল। অল্পের জন্য আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন।’
গৌরীপুর বাসে যাতায়াতকারী শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, আমাদের বাসটি ঠিকঠাকই চলছিলো হঠাৎ একটি পিকআপ এসে আমাদের বাসটিকে চাপ দেয়। এতে বাসটি রাস্তার কিনারে চলে যায়। একটুর জন্য আমরা পানিতে পড়িনি। আমাদের বাসের ড্রাইভাররের দক্ষতা ও আল্লাহর রহমতে এযাত্রায় বেঁচে গেছি।
১২ বছর ধরে গৌরীপুর রুটের বাস চালক আবুল বাশার জানান, একটি বেপরোয়া পিকআপ কয়েকবার আমাদের বাসটিকে চাপা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে সড়কের বাম পাশে জরুরি ব্রেক করি। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। বাসের তেমন কোনো ক্ষতি হয়নি।