বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ -- : -- --

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। তবে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময়সূচি, নিয়ম ও ফি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী,২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

যেভাবে ফরম পূরণ করবেন
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রক্রিয়াটি হলো,

১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রবেশ করতে হবে।

২. শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।

৩. সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।

৪. নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে।

৫. প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।

৬. এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

৭. নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

ফরম পূরণ ও ফি জমার সময়সীমা
৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর। সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী সেবায় ফি জমা দিতে হবে। ফি জমার রসিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি

প্রতি পত্র/বিষয়ের পরীক্ষার ফি- ১২৫ টাকা
প্রতি পত্র/বিষয়ের ব্যবহারিক পরীক্ষার ফি-২৫ টাকা
কেন্দ্র ফি-৪৫০ টাকা

শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!