বুধবার ১১, নভেম্বর ২০২৬

বুধবার ১১, নভেম্বর ২০২৬ -- : -- --

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে চালু হলো রেজাল্ট অটোমেশন সিস্টেম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো চালু হয়েছে রেজাল্ট অটোমেশন সিস্টেম। একই সঙ্গে অনুষদে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজাল্ট অটোমেশন সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। রেজাল্ট অটোমেশন সিস্টেমের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সেবার মান বাড়াতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। রেজাল্ট অটোমেশন সিস্টেম চালুর ফলে ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কার্যকরভাবে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান উপাচার্য।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতিতে ওবিইর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার আধুনিকায়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে সামাজিক বিজ্ঞান অনুষদ ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। অনুষদে রেজাল্ট অটোমেশন সিস্টেম চালু ও ওবিই বিষয়ক কর্মশালার আয়োজন সেই উদ্যোগেরই অংশ। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. আমজাদ হোসেন এবং জাপানিজ স্টাডিজ বিভাগের প্রভাষক সাবরিনা জহির। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Link copied!