প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাইকে একসঙ্গে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে পাগলাপীর এলাকায় এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “১৯৭১ সালে যেভাবে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেভাবেই আমরা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন, “আজ থেকে আমরা অঙ্গীকার করি, এই দেশ আমাদের সবার, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার। আমরা সবাই মিলে পরিশ্রম করে দেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।”
প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
এ প্রসঙ্গে তিনি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালুর কথা উল্লেখ করেন।
তারেক রহমান আরও বলেন, ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্যও সরকার মাসিক ভাতা চালু করেছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহায়তা করাই এসব উদ্যোগের লক্ষ্য।
দুর্গাপূজার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করুক, সেটিই তাঁর প্রত্যাশা।
এর আগে ঢাকা থেকে বিমানবাহিনীর একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারাগঞ্জ ও পাগলাপীরসহ সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অবস্থান নেন। গাড়িবহর থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান তিনি। এ সময় দুই স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
