বৃহস্পতিবার ১৫, অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার ১৫, অক্টোবর ২০২৬ -- : -- --

রাবিতে সাংবাদিক হামলা: ১০ দিনেও গ্রেপ্তার নেই

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ এএম

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন সাংবাদিকরা। তবে ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। হামলার জন্য শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগীরা।

আহত সাংবাদিকেরা হলেন—দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম।

এ ঘটনায় গত ৫ অক্টোবর দুপুরে শহীদ জিয়াউর রহমান হল প্রশাসনের পক্ষ থেকে মতিহার থানায় মামলা করা হয়। হলের উপ-রেজিস্ট্রার মোনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

তবে মামলা দায়েরের ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরজুন বলেন, ‘বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।’ হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়ে থাকলে তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না কেন—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

সাংবাদিকদের দাবি, হামলার ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ প্রশাসন ও পুলিশের কাছে দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে হামলায় জড়িতদের কয়েকজনকে শনাক্তও করা হয়েছে। এরপরও কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল বলেন, ‘ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রদল এমনকি পুলিশ প্রশাসন আমাদের এমন কোনো আশ্বাস দেয়নি, যার কারণে আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারব। আমরা এখনো বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছি। আমাদের এখনো নিরাপত্তাহীনতায় দিন পার করতে হচ্ছে।’

Link copied!