প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলী গড়ে তোলার লক্ষ্যে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচির আওতায় ২৪ শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে ল্যাপটপ তুলে দিয়েছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত ‘ল্যাপটপ বিতরণ কর্মসূচি ২০২৬’-এর আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (পিআইডব্লিউ) ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল গ্রুপের কারিগরি শিক্ষাবোর্ডের অ্যাফিলিয়েটেড
ইনস্টিটিউশনসমূহের নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস এবং উপপরিচালক কে এম পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম ফরহাদ।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। এসব ল্যাপটপ শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা এবং ব্যবহারিক দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
বর্তমান ডিজিটাল বিশ্বে কম্পিউটার-সাক্ষরতা শিক্ষাজীবনের একটি অপরিহার্য দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকল্পভিত্তিক শিক্ষা, অনলাইন গবেষণা, ব্যবহারিক কাজ এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন একাডেমিক কার্যক্রমে ব্যক্তিগত ল্যাপটপ শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে।
প্রযুক্তির সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলী গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে চালু থাকা এই ল্যাপটপ বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার পথে আরও এগিয়ে নিতে সহায়তা করছে।
