প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম
বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউসন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) নগরীর আগ্রাবাদের জাম্বুরি মাঠ এলাকায় বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিএসটিআইয়ের উপ পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোঃ মোমেন উস সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মনোয়ারা বেগম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন।
সভায় এবারের প্রতিপাদ্য “Shared Vision for a Better World: Affordable and Clean Energy”। বাংলায় যার অর্থ, ‘উন্নত বিশ্বের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গি: সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি’ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন অতিথিবৃন্দ।
পণ্যের গুণগত মান এবং ওজন ঠিক রাখা সবার নৈতিক দায়িত্ব। এতে ফাঁকি দেয়ার চেষ্টা করা দেশ ও ঈমানের বিরোধীতার শামিল। ব্যবসায়ী এবং ভোক্তা সবাই সচেতন হলে পণ্যের গুণগত মান ও টেকসই পণ্য নিশ্চিত সহজ হবে বলে দাবি করেন বক্তারা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান শুরুতে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও চট্টগ্রাম বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোঃ মোমেন উস সাজ্জাদ এবং সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম বিএসটিআইয়ের উপ পরিচালক (রসায়ন) ইব্রাহীম খলিল।
অনুষ্ঠানটির যৌথ সঞ্চলনায় ছিলেন চট্টগ্রাম বিএসটিআই এর সহকারী পরিচালক শিমু বিশ্বাস ও ফারহানা জাহান পারুল।
শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে গুণগত মান নিশ্চিত করা যাবে না, বরং সবাইকে সচেতন হতে হবে। বিশ্ব চায় সর্বক্ষেত্রে একটি মান। সকল পণ্যের মান কীভাবে উন্নত করা যায়, সে লক্ষে সবাইকে একযোগে কাজ করার জন্য সভায় আহবান জানানো হয়।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প মালিক, সমাজ সেবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
