প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম
বর্ণাঢ্য শোভাযাত্রা, খাদ্য প্রদর্শনী, ফুড অলিম্পিয়াড, ই-পোস্টার উপস্থাপনা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ছিল ‘Innovate today. Nourish tomorrow.’ (আজ উদ্ভাবন, আগামী দিনের পুষ্টি)।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে নেতৃত্ব দেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।
পরে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ ভবনের সামনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কেক কাটা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে আয়োজন করা হয় খাদ্য প্রদর্শনীর।
সকাল সাড়ে ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ই-পোস্টার উপস্থাপনা, থ্রি মিনিটস প্রেজেন্টেশন, নাটিকা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।
ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্রেগ্রেন্স (প্রা.) লিমিটেডের পরিচালক মো. রুহুল আমিন এবং প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আনসেলম এল. মার্টিন।
অনুষ্ঠানে বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য নিয়ে প্রেজেন্টেশন দেন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহের নাহিদ।
আয়োজনের শেষ পর্বে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
