প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ পিএম
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে গত মঙ্গলবার নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার অভিভাবক সদস্য প্রার্থীরা এর প্রতিবাদে বিদ্যালয় চত্বরে এক সাংবাদিক সম্মেলন করেন।
উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে সাধারন অভিভাবক প্রতিনিধি ৪জন সহ সংরক্ষিত মহিলা অভিভাবকের পদে ১জন নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করা হয়। উপজেলা সহকারি প্রোগ্রামার সাদ্দাম হোসেনকে নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব প্রদান করা হয়। প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত নির্বাচনী তফসিল অনুসারে গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার মনোনয়ন পত্র গ্রহণ ও জমাদান, ২৬ সেপ্টেম্বর শনিবার মনোনয়ন পত্র বাছাই, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহার ও ক্রমিক বন্টন এবং গত ১৪ অক্টোবর বুধবার ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়। যথা সময়ে অভিভাবক সদস্য পদে ৭জন তাদের মনোনয়ন পত্র দখিল করেন। বাছাই শেষে ৭ জনের মনোনয়ন পত্র বৈধ্য ঘোষনা করা হয়। ৭৮৩ জন অভিভাবক ভোটার ভোট প্রদানের জন্য চুড়ান্ত তালিকা করা হয়। প্রার্থীরা বৈধ্যতা পাওয়ার পর নির্বাচনী প্রচারনায় নেমে পড়েন।
এদিকে ভোট গ্রহনের ১দিন আগে গত ১৩ অক্টোবর মঙ্গলবার এডহক কমিটির সভাপতি হাসিনূর হাসান শাহ্ বাদী হয়ে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারি প্রোগ্রামার সাদ্দাম হোসেনকে ১নং বিবাদী করে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনকে বিবাদী করে বগুড়ার দুপচাঁচিয়া থানা সিভিল জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত ভোট প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেন। আদালতের নির্দেশে প্রিজাইডিং অফিসার লিখিত ভাবে নির্বাচন স্থগিত করেন।
অভিভাবক সদস্য প্রার্থী আবু হেলাল, শরিফুল ইসলাম, আব্দুল লতিফ শেখ, জিয়াউর রহমান, সহিদুল ইসলাম সাংবাদিক সম্মেলন করে জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্বাচনের ৯০ দিন পূর্বেই ভোটার তালিকা প্রস্তুত সহ রেজুলেশনের মাধ্যমে নির্বাচনের প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যাবস্থা গ্রহণ সহ নির্বাচনী সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এডহক কমিটির সভাপতি হাসিনূর হাসান শাহ্ অসৎ উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলার মাধ্যমে নির্বাচন স্থগিত করেছেন। তারা এই তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিভাবক সদস্য পদে নির্বাচনের জন্য এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগকারী এডহক কমিটির সভাপতি হাসিনূর হাসান শাহ্ জানান, বিদ্যালয়ের নির্বাচন বিষয়ে ম্যনেজিং কমিটির সভা তার অজান্তে করা হয়। এছাড়া নির্ধারিত সময়ে চুড়ান্ত ভোটার তালিকা নোটিশ বোর্ডে টানানো হয়নি। তিনি আরোও অভিযোগ করেন ভোটার তালিকাতে অনেক গড়মিল রয়েছে। এসব অনিয়মের কারনেই তিনি আদালতে মামলা করেছেন।
