ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যায়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন "চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব জাস্ট" - এর উদ্যোগে ‘চাঁপাই উৎসব ৩.০’ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এফ ই টি গ্যালারীতে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান জনাব মোঃ সেফাউর রহমান (জেলা খাদ্য নিয়ন্ত্রক, যশোর)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি ( এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিবহন প্রশাসক ড. মোঃ শিমুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আল আমিন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। অনুষ্ঠানকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীনদের স্বাগত জানানো, বিদায়ীদের স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি পরিণত হয় শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
সংগঠনটির সভাপতি মোঃ আল আমিন বলেন, "চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব জাস্ট-এর আয়োজনে উদযাপিত ‘চাঁপাই উৎসব ৩.০’-এর মাধ্যমে যবিপ্রবি ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ীদের সম্মাননা জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন অটুট রাখাই এই উৎসবের মূল উদ্দেশ্য। এছাড়াও নবীন শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার উপদেশ দেন।"
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোঃ শিমুল ইসলাম বলেন, "যবিপ্রবি বিভিন্ন জেলার শিক্ষার্থীদের সংগঠন থাকলেও, 'চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব জাস্ট'-এর মতো এত বড়, গোছানো ও সুন্দর আয়োজন অন্য কোনো জেলা অ্যাসোসিয়েশন আজ পর্যন্ত করতে পারেনি। 'চাঁপাই উৎসব ৩.০'-এর এই চমৎকার সাফল্য ও উদ্দীপনা সত্যিই প্রশংসনীয়। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতিকে যবিপ্রবি ক্যাম্পাসে এভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এবং সকলকে ঐক্যবদ্ধ করার এই চমৎকার উদ্যোগের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি।"
আরেক বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান বলেন, “চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব জাস্ট-এর এই নান্দনিক আয়োজন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। পাশের জেলা রাজশাহীতে আমার জন্ম ও বেড়ে ওঠা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের মাটি, মানুষ ও সংস্কৃতির সঙ্গে আমার গভীর পরিচয় রয়েছে। নবীনদের এ অঞ্চলের ঐতিহ্য ধারণ করে পড়াশোনা ও ইতিবাচক কর্মকাণ্ডে এগিয়ে যেতে হবে। বিদায়ীদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সফল হোক।"