শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ২৬, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল মায়া হরিণের

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও দেখা মিলেছে মায়া হরিণের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসের খালেদা জিয়া হলসংলগ্ন পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় হরিণটির দেখা পান উম্মে হাবিবাসহ সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা হরিণটির ছবি ও ভিডিও ধারণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় ও বনাঞ্চলে একসময় মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর নিয়মিত বিচরণ ছিল। তবে গত কয়েক বছরে ক্যাম্পাসে হরিণের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে চবি প্রাণিবিদ্যা বিভাগের তথ্যের বরাতে বলা হয়, ২০১০ সালের আগ পর্যন্ত ক্যাম্পাসে নিয়মিত মায়া হরিণের দেখা মিললেও পরবর্তী সময়ে এর উপস্থিতি কমতে থাকে।
এর আগে ২০১৮ সালের ৩০ আগস্ট চবি বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের একটি ল্যাবের জানালার গ্রিলে আটকে পড়া একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছিল।

 ক্যাম্পাসে মায়া হরিণের উপস্থিতির নথিভুক্ত ঘটনাগুলোর মধ্যে এটি উল্লেখযোগ্য মায়া হরিণের বৈজ্ঞানিক নাম Muntiacus muntjak। আইইউসিএনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রজাতিটি বিপন্ন (Endangered) হিসেবে তালিকাভুক্ত। আবাসস্থল সংকুচিত হওয়া ও এর গুণগত মানের অবনতিসহ বিভিন্ন কারণে বাংলাদেশে এ প্রজাতির সংখ্যা কমেছে।

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মায়া হরিণের দেখা মেলায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। বনাঞ্চলসংলগ্ন এলাকায় হরিণটির বিচরণ ক্যাম্পাসের বিদ্যমান জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

Link copied!