বুধবার ২৩, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ২৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলার তদন্ত চলাকালে এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও নির্ধারিত ছকে সম্পদের বিবরণী দুদকে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও তা নিজের দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

এসব অভিযোগে গত বছরের ৪ জুন তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্তের স্বার্থে তাঁর বিদেশযাত্রা বন্ধ রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের দাবি, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে, তদন্ত চলাকালে ইমা ক্লেয়ার বার্টন গোপনে দেশত্যাগের চেষ্টা করতে পারেন। তিনি বিদেশে চলে গেলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে এবং তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে ইমা ক্লেয়ার বার্টন বর্তমানে দেশে না বিদেশে অবস্থান করছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি দুদক।

এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। এবার একই মামলার তদন্তের ধারাবাহিকতায় তাঁর স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হলো।

আদালতের আদেশের পর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশত্যাগ করতে পারবেন না।

Link copied!