মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

অতীতের ভুলের ক্ষমা চেয়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ রয়েছে, রাজনগরে যুবদলের আহ্বায়ক

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

সংগৃহীত

 

মৌলভীবাজারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজনগর উপজেলা শাখা।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজনগর উপজেলা যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকাল ৪টার দিকে উপজেলা সদরের কলেজ পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

 

মিছিলে সন্ত্রাসীদের আস্তানা, জ্বালিয়ে দাও গুড়িয়ে দাও, অস্থিতিশীলতার ষড়যন্ত্র, রুখে দেবে যুবদল সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন নেতাকর্মীরা। মিছিলে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক। তিনি তার বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরেন।

 

তিনি বলেন, অতীতের ভুলের ক্ষমা চেয়ে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ রয়েছে। কিন্তু ক্ষমা না চেয়ে যদি আবারও সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

 

স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, আমাদের সাথে বিগত দিনে আওয়ামী লীগ যে মামলা ও হামলা দিয়ে প্রতিদিন ষড়যন্ত্র করতো, আমরা আমাদের মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলতাম, কখন কি হয়ে যায় জানতাম না। ঘরে থাকতে পারিনি, প্রতিটি রাত কেটেছে আতঙ্কে। মিথ্যা মামলায় আমাদের অনেক নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে।

 

বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। দেশকে অস্থিতিশীল করার এই ষড়যন্ত্র যুবদল কখনো সফল হতে দেবে না।

 

সমাবেশে বক্তারা আরও বলেন, তারেক রহমানের নির্দেশে যুবদল এখন অনেক বেশি সুসংগঠিত। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল মাঠে থাকবে। কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা যুবদলের সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Link copied!