মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

মাদক সেবনের অভিযোগে রুয়েটে চার শিক্ষার্থীর সিট বাতিল

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

ফাইল ফটো

মাদক সেবনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) লেফটেন্যান্ট শহীদ সেলিম হলের চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী তল্লাশি অভিযান, তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। চার শিক্ষার্থীর সবাই ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের। তাঁদের মধ্যে দুজন ২১ সিরিজের এবং দুজন ২২ সিরিজের শিক্ষার্থী।

অফিস আদেশে বলা হয়েছে, তল্লাশি অভিযানের প্রতিবেদন, ঘটনার আলামত ও আনুষঙ্গিক প্রমাণ পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শৃঙ্খলা এবং ‘Ordinance related to Discipline’-এর ৪ ও ৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বহিষ্কার এবং তাঁদের বরাদ্দকৃত সিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে বিরত থাকার জন্য তাঁদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। জারির তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বরাদ্দকৃত কক্ষ ও সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাতে লেফটেন্যান্ট শহীদ সেলিম হলে মাদকবিরোধী তল্লাশি অভিযান চালায় ছাত্রকল্যাণ দপ্তর। অভিযানকালে একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ পাওয়া যায়। তবে অভিযানকারী দল হলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কক্ষটি ছেড়ে যান। পরে কক্ষ পরিদর্শনে গাঁজা সেবনের কোনো আলামত পাওয়া না গেলেও গাঁজার গন্ধ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরে হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। তাঁদের ছাত্রকল্যাণ দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে ছয়জন শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও পরবর্তী তদন্ত ও প্রতিবেদনের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতেও পাঠানো হয়েছে। ফলে আবাসিক সিট বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আরও কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আবাসিক হলগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!