প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘উইমেন মিডিয়া লিডার্স অব টুমরো (ডব্লিউএমএলটি): প্রশিক্ষণ-পরবর্তী অভিজ্ঞতা বিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিভাগের ১২৩ নম্বর কক্ষে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি সেশনের আয়োজন করা হয়। সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল।
ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় AGILE প্রকল্পের আওতায় Fojo Media Institute ও Communication and Journalism Educators Network (CJEN), Bangladesh-এর আয়োজনে গত ৯ থেকে ১১ মে মানিকগঞ্জের গণকল্যাণ ট্রাস্টে ‘গণমাধ্যমে নারী নেতৃত্ব’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আটজন নারী শিক্ষার্থীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সহপাঠীদের মধ্যে ছড়িয়ে দিতে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে রাবির WMLT অ্যালামনাই শিক্ষার্থীরা এ অভিজ্ঞতা বিনিময় সেশনের আয়োজন করেন।
সেশনগুলোতে গণমাধ্যমে নারীর নেতৃত্ব, নেটওয়ার্কিং এবং কর্মক্ষেত্রে নারী সাংবাদিকদের শারীরিক ও মানসিক হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নারী শিক্ষার্থীদের সেশনে সাংবাদিকতায় আগ্রহী নারী শিক্ষার্থীরা এবং পুরুষ শিক্ষার্থীদের সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের ক্যাম্পাস সাংবাদিকরা অংশ নেন। পাশাপাশি উভয় সেশনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে WMLT প্রকল্পের রাবি বিভাগের মেন্টর অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরী প্রকল্পটির উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা দিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান এবং বিভিন্ন শিক্ষণীয় বিষয় সহপাঠীদের সঙ্গে বিনিময় করেন।
সেশনে বিভাগের অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মশিহুর রহমান, অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম ও সহযোগী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাতেমা তুজ জোহরাও উপস্থিত ছিলেন।
