গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম
মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি| ক্যাম্পাস রিপোর্ট
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফুটবল ইভেন্টকে সামনে রেখে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বেলুন উড্ডয়নের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
সমবেতকণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। পরে রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী রায়হান হোসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপস্থিত সকলে ১ মিনিট নীরবতা পালন করেন। সবশেষে গবি উপাচার্য ট্রফি উন্মোচন করেন এবং নারী ও পুরুষ দলের অধিনায়কদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভাপতি ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, ছাত্র উপদেষ্টা ও ক্রীড়া কমিটির সভাপতি শাহ্ আলম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল অনুষদের শিক্ষকবৃন্দ, কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
গকসুর ক্রীড়া সম্পাদক শীতল আহমেদ বলেন, ‘ফুটবল ও ক্রিকেটসহ সকল খেলাধুলা চর্চায় সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। খেলার নিয়ম অনুযায়ী রেফারি যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত। কোনো সমস্যা হলে মাঠে থাকা ক্রীড়া কমিটির সদস্য ও ক্রীড়া সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা যাবে। তাঁরা বিষয়টি বিবেচনা করে দেখবেন। যদি কেউ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ করতে সবার সহযোগিতা কামনা করছি।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ক্রীড়া কমিটির সভাপতি শাহ্ আলম বলেন, ‘মাঠে যখন যে দলের খেলা অনুষ্ঠিত হবে, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা যেন মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ ও খেলোয়াড়দের উৎসাহিত করেন। একই সঙ্গে মাঠে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেদিকেও সবাইকে নজর রাখতে হবে।’
খেলার নিয়ম-নীতি ও শৃঙ্খলা নিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষক প্রতিনিধিদের নিয়ে খেলার নিয়মকানুন নির্ধারণ করা হয়েছে। ফিফার নিয়ম অনুসরণ করে খেলা পরিচালিত হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারির সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কাজ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ক্রীড়া কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে প্রতিদিন মাঠে উপস্থিত থেকে খেলা সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে প্রতিযোগিতাটি সম্পন্ন করতে সবার সহযোগিতাও কাম্য।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ক্রীড়া আয়োজন কমিটি ও শিক্ষকদের উপস্থিতিতে এই আয়োজনটি ভালোভাবে সম্পূর্ণ হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা জানি, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অনেক সুনাম রয়েছে। আর আমি শিক্ষক এবং প্রোক্টরিয়াল বডিকে অনুরোধ করবো যে যে বিভাগের খেলা হবে সেই বিভাগের শিক্ষকমণ্ডলী যাতে মাঠে উপস্থিত থাকে।’
উদ্বোধনী দিনের শুরুতেই ছাত্রদের ফুটবল খেলায় অংশ নেয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ। এতে ৩-০ গোলে জয় লাভ করে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
প্রসঙ্গত, এবারের আয়োজনে একটি ইভেন্টে (ফুটবল) প্রতিযোগিতায় ছেলেদের ১৭টি ও মেয়েদের ১৩টি দল অংশ নিচ্ছে। আগামী অক্টোবরে প্রতিযোগিতার পর্দা নামবে।