মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

শিক্ষা-স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ মন্ত্রীর

ছবি| ক্যাম্পাস রিপোর্ট

দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিষয়টি সমসাময়িক প্রতিবেদনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যেসব দেশ উন্নতি করেছে, তারা শিক্ষা, গবেষণা ও নতুন উদ্ভাবনে বিনিয়োগ করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণা শুধু মানবসম্পদ তৈরির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, দেশের সামগ্রিক উন্নয়নেও এর ভূমিকা রয়েছে।
তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে খন্দকার মুক্তাদির বলেন, দেশে ও সিলেটে অনেক ফ্রিল্যান্সার রয়েছেন। তাদের কেউ ৫০০ ডলার, কেউ ২ হাজার ডলার এবং কেউ মাসে ৫০ থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন। এ সম্ভাবনাকে আরও বাড়াতে হবে।
সিলেটের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তরুণদের জন্য এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। হাইটেক পার্ক অথবা উপযুক্ত কোনো স্থানে এ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সিলেট সফর করবেন।
তিনি বলেন, ‘যাদের মধ্যে মেধা ও সুপ্ত সম্ভাবনা আছে, তারা এসব বিষয়ে জেনে ও শিখে নিজেরাও আর্থিকভাবে লাভবান হতে পারে এবং জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রসর মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা ভালো ফলাফল করেছো, তাদের সবাইকে অভিনন্দন। তোমাদের অভিভাবকদেরও অভিনন্দন।’
এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের পাশাপাশি বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকেও সঠিক পথে চলতে উৎসাহিত করতে হবে।

Link copied!