প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর ধারাবাহিকতা রক্ষায় একাদশ তম নির্বাচনের তফসিল ও নির্বাচনী রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে স্মারকলিপি দেন সংগঠনটি। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দ্রুত পরবর্তী নির্বাচনের তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।
ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “২০২৫ সালে নির্বাচিত জাকসু প্রতিনিধিদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা। কিন্তু শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এ ব্যর্থতার দায় সংশ্লিষ্ট প্রতিনিধিদেরই নিতে হবে।
তিনি আরও বলেন, “এই গণতান্ত্রিক ধারাবাহিকতা কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। প্রশাসনিক জটিলতা বা আর্থিক অনিশ্চয়তার অজুহাতে জাকসুর নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে একাদশতম জাকসুর তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে জাতীয় ছাত্রশক্তি।”
সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “জাকসু শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতা বজায় রাখতে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
