সোমবার ২১, সেপ্টেম্বর ২০২৬

সোমবার ২১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

পাঁচ দিন আটক রেখে দলবদ্ধ নির্যাতন  ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে, গ্রেফতার ৩

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

সংগৃহীত

 

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) পাঁচ দিন আটকে রেখে দলবদ্ধ নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে মামলার প্রধান অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামের মো. জাহেদ আহমেদ (২৪), রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের রাজু আহমেদ (২২) এবং একই উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের জুবেল মিয়া (৩০)। মামলার অপর আসামি রাজনগর হাসপাতাল এলাকার বাসিন্দা কবির (৩০) এখনো পলাতক।

 

ভুক্তভোগী ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রধান অভিযুক্ত জাহেদ আহমেদের সঙ্গে মুঠোফোনে ওই ছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ১২ সেপ্টেম্বর বিকেলে তাকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে নেওয়া হয়।

 

পরে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে রাজনগরের বাহাদুরগঞ্জে আসামি জুবেল মিয়ার বসতবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে রাতভর তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। পরবর্তীতে ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান অভিযুক্ত জাহেদের বাড়িতে আটকে রেখেও নির্যাতন চালানো হয়।

 

টানা নির্যাতনে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১৭ সেপ্টেম্বর সকালে আসামিরা তাকে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের একটি নির্জন সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

 

মামলা দায়েরের পর কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন এর দিক নির্দেশনায় এবং এসআই মোহাম্মদ আমির উদ্দিনের নেতৃত্বে এসআই মিঠু রায়, এসআই রাজিব রায় ও এএসআই হামিদুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। ২১ সেপ্টেম্বর ভোর রাতে পৃথক স্থান থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি কবিরকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এসবি/

Link copied!