প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সমিতির কার্যালয় ও এর আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সমিতির প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এর মাধ্যমে সমিতির কার্যালয় চত্বরকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোছাইন আজগর, সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ইউনুছ এবং কোষাধ্যক্ষ মাস্টার মো. সোলতান মাসুদ।
এ ছাড়া জলদী, শীলকূপ ও মনকিচর ব্লকের সম্মানিত সদস্যরা এবং বাঁশখালী ইকোপার্কের বন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন। তারা সমিতির কার্যালয়ের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
সমিতির প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ সুরক্ষায় আরও বিভিন্ন কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় জনগণ, সমিতির সদস্য ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগে পরিবেশবান্ধব একটি সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সমিতির প্রাঙ্গণকে সবুজায়নের পাশাপাশি স্থানীয়ভাবে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
