শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ছবি,শিল্প আর স্মৃতির মেলবন্ধনে বাকৃবিতে ‘অনুভূতির প্রতিচ্ছবি’

বাকৃবি থেকে মো.আবু হানিফ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছবি, শিল্প ও সংস্কৃতির সমন্বয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘অনুভূতির প্রতিচ্ছবি’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সংগঠন এস্থেটিক-বাউ আয়োজিত এ অনুষ্ঠানে ক্যামেরাবন্দি মুহূর্ত, শিল্পকর্ম এবং শৈশবের স্মৃতিময় উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে ছবি ও শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা তুলে ধরা হয়। প্রদর্শনীতে স্থান পায় হাতে আঁকা চিত্রকর্ম এবং ক্যামেরায় ধারণ করা বিভিন্ন নান্দনিক ছবি। পাশাপাশি দর্শনার্থীদের শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিতে রাখা হয় বায়োস্কোপ ও কুঁড়ে ঘরের প্রতিরূপ।

আয়োজনকে আরও প্রাণবন্ত করতে বিভিন্ন খাবার ও প্রসাধনী সামগ্রীর স্টলও ছিল। সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও নাটকের সমন্বয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ অনুষ্ঠান।

আয়োজকরা জানান, মানুষের অনুভূতি, সৃজনশীলতা ও সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরাই ‘অনুভূতির প্রতিচ্ছবি’ আয়োজনের মূল লক্ষ্য। শিল্প, আলোকচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের জন্য একটি আনন্দঘন ও নান্দনিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে।

আয়োজন উপভোগ করতে আসা শিক্ষার্থী রাফিউল রেজন বলেন, “ক্লাস, ল্যাব ও প্র্যাকটিক্যালের ব্যস্ততার মধ্যে এ ধরনের আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয়। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছবি, শিল্পকর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে।”

এস্থেটিক-বাউয়ের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ বলেন, “প্রদর্শনীর জন্য আমরা ক্যাম্পাসের সেরা আলোকচিত্রগুলো নির্বাচন করেছি। পাশাপাশি শিল্পচর্চা ও পুরোনো দিনের শৈশবস্মৃতিকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের অনুপ্রাণিত করছে। এই আয়োজন সফল করতে পুরো দল দিন-রাত পরিশ্রম করেছে।”

Protissobi BAU a.jpg
Link copied!