প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নবীন সদস্যদের সঙ্গে পরিচিতি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা গ্রীন ভয়েসের উদ্যোগে ক্যাম্পাস ট্রাভেলিং ও গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে সংগঠনের নবীন সদস্যদের স্বাগত জানানো হয় এবং তাদের সঙ্গে সিনিয়র সদস্যদের মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে পরিচয়পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের অন্যতম আকর্ষণীয় স্থান পামবাগানে যান। সেখানে বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক আয়োজন, মুক্ত আড্ডা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উপভোগ করেন নবীন ও প্রবীণ সদস্যরা।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস চবি শাখার সাবেক সভাপতি ও ছাত্র উপদেষ্টা নূর মোহাম্মদ সাগর, সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্র উপদেষ্টা মো. ইয়াসিন আরাফাত রাফি এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি সৌমিত্র নাগ।
এ ছাড়া সংগঠনের বর্তমান সভাপতি অনিক সরকার, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম, বিভিন্ন সম্পাদক এবং নবীন সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশবাদী কার্যক্রমের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও সাংগঠনিক সৌহার্দ্য বৃদ্ধি করাও সংগঠনের গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ ধরনের আয়োজন নবীন সদস্যদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
